জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার।
তথ্য বলছে, গত ৩০ ও ৩১ জুলাই—মাসের শেষ দুই দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স। ফলে পুরো মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।
অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।
তাদের মতে, রেমিট্যান্স প্রবাহ অব্যাহতভাবে বাড়তে থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। পাশাপাশি আমদানি ব্যয় নির্বাহ সহজ হওয়ার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়। তাই নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

























