টাঙ্গাইলে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইল মেডিকেল কলেজ এলাকার বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, অনুমোদনহীন (আনরেজিস্টার্ড), মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মেডিকেল কলেজ এলাকার বিভিন্ন ফার্মেসিতে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নিয়মকানুন যাচাই করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনুমোদনহীন ওষুধ বাজারজাতকরণ এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নকল, ভেজাল ও অনিয়মের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।





















