রাজনীতিতে বেয়াদবির সংস্কৃতি তৈরি হয়েছে, এর জবাব দেবে জনগণ’ : মুন্না

- সংবাদ প্রকাশের সময় : ১০:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দেশের রাজনীতিতে শিষ্টাচারহীনতা ও ‘বেয়াদবির’ একটি সংস্কৃতি তৈরি করা হয়েছে। তবে এর জবাব রাজনৈতিক প্রতিপক্ষ নয়, দেশের জনগণই দেবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
আবদুল মোনায়েম মুন্না বলেন, রাজনীতিতে এমন একটি নেতিবাচক ধারা তৈরি হয়েছে, যেখানে জ্যেষ্ঠ ও বর্ষীয়ান নেতাদের নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিদের নিয়েও কটূক্তি করা হচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
তিনি বলেন, “একজন সন্ত্রাসী হয়তো একটি এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। এ দেশের সচেতন মানুষ ইতোমধ্যে এমন সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে।”
তিনি আরও বলেন, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা গেলেও শেষ পর্যন্ত জনগণ সত্যের পক্ষেই অবস্থান নেয়।
দেশের উন্নয়ন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, বিপুল জনসংখ্যাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়নের যে ভিত্তি তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে চায়।
যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।













