দক্ষ ও যোগ্য নাগরিক গড়তে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতেও সরকার কাজ করছে।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গেও তিনি একই বিষয়ে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। এটি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক স্তর থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশে ধাপে ধাপে অবৈতনিক শিক্ষার পরিধি বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রমও চালু রয়েছে।
শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিদ্যালয়গুলোতে কীভাবে প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহ করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না। যুবসমাজ ও শিক্ষার্থীদের ধ্বংস করে এমন মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, সন্তানদের শিক্ষার জন্য অভিভাবকেরা অনেক ত্যাগ স্বীকার করেন। অনেক পরিবার জমি, ধান কিংবা গবাদিপশু বিক্রি করেও সন্তানের লেখাপড়ার ব্যয় বহন করে। সেই সন্তান যদি মাদকে জড়িয়ে পড়ে, তাহলে পরিবারের সব ত্যাগ ব্যর্থ হয়ে যায়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, ‘মিড-ডে মিল’ কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










