সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদ্যমান নানা চ্যালেঞ্জ থাকলেও নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেগুলো মোকাবিলা করা সম্ভব।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভার তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বিভিন্ন সমস্যা সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও সেগুলো সম্পর্কে সচেতন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে ব্যবসায়ী সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সরকারের মেয়াদ এখনো ছয় মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে ব্যবসায়ী ও বিভিন্ন ফোরামের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়েছে। খাতভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগের বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, ব্যবসায়ীদের উত্থাপিত বেশ কয়েকটি সমস্যার সমাধান ইতোমধ্যে করা হয়েছে। সর্বশেষ বৈঠকেও নতুন কিছু বিষয় উঠে এসেছে, যেগুলো নিয়েও সরকার কাজ করবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।
তার ভাষায়, “যত বেশি আলোচনা হবে, তত বেশি সমস্যাগুলো জানা যাবে এবং কার্যকর সমাধান বের করা সম্ভব হবে।”
সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্পায়নের সুযোগ, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার একটি রূপরেখাও তুলে ধরেন। এ লক্ষ্য অর্জনে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এপেক্স গ্রুপের সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, ডিবিএল গ্রুপের এম এ জাব্বারসহ দেশের বিভিন্ন শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।










