নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, সংস্কারকাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৩১ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এ উন্নয়নকাজের সূচনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার মানুষ যেন সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারকে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে সচেতন ভূমিকা পালন করেন।
তিনি বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। স্থানীয়দের সক্রিয় তদারকিই একটি টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোর ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।






















