বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি জানার পরপরই তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন। পরে স্বরাষ্ট্রসচিব সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে শুধু এই মামলাটি পরিচালনার জন্য আমরা একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, জামিনের অন্যতম শর্ত হলো তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
মন্ত্রী বলেন, ‘জামিনের শর্তাবলীর প্রত্যয়নিত কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত ল ফার্মকে আদালতে জামিন বাতিলের আবেদন করার জন্যও বলা হয়েছে।’
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পুরো বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, জামিন বাতিল করাতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পারব।’
বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





















