‘একজন এক গাছ’ আন্দোলনের সূচনা, সবুজ পৃথিবী গড়ার আহ্বান
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘একজন এক গাছ’ আন্দোলন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং তরুণ সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ-এর নেতৃত্বে দেশব্যাপী এ পরিবেশবাদী কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) টাঙ্গাইলে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘একজন এক গাছ’ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব প্রতিনিধি, পরিবেশবিদ এবং সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
‘সবুজ হোক আগামীর পৃথিবী’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত আন্দোলনের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণদের অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যায় উদ্বুদ্ধ করা। শুধু গাছ লাগানো নয়, বরং সেই গাছকে বড় করে তোলার দায়িত্ব গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
অনুষ্ঠানে যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি ও আন্দোলনের উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ বলেন, “আমরা শুধু স্লোগানে বিশ্বাস করি না, আমরা কর্মে বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরই পড়বে। তাই এখনই সচেতন হতে হবে। ‘একজন এক গাছ’ কোনো সাময়িক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা চাই প্রতিটি তরুণ অন্তত একটি করে গাছ রোপণ করে প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তুলুক।”
তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও এ আন্দোলনের অন্যতম লক্ষ্য।
পরিবেশকর্মী অধ্যাপক তরুণ ইউসূফ এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “তরুণদের পরিবেশ রক্ষার মতো ইতিবাচক কাজে সম্পৃক্ত করা গেলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আন্দোলনের সঙ্গে শিশু-কিশোরদেরও সম্পৃক্ত করা প্রয়োজন।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়ে দিতে অনলাইন ও অফলাইনে ব্যাপক প্রচারণা চালানো হবে। দেশের যেকোনো প্রান্তের মানুষ একটি গাছ রোপণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে #OnePersonOneTreeMovement হ্যাশট্যাগ ব্যবহার করে ছবি পোস্টের মাধ্যমে এ উদ্যোগে অংশ নিতে পারবেন।
এ আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সনদের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী ও নাগরিকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।





















