জোড়া ভূমিকম্পে লাশের মিছিল, মৃত বেড়ে ৫৮৯
ভেনেজুয়েলা এখন শুধই ধ্বংসস্তূপ

- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ জন। ধসে পড়া ভবনের নিচে এখনও শত শত মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদোর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে ধসে পড়া অন্তত ২৫০টি বহুতলের ধ্বংসস্তূপের নিচে এখনও ২০০-এর বেশি মানুষ আটকে রয়েছেন। এছাড়া ১৫৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতি কারাকাস ও লা গুয়াইরায়
সরকারের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্যারিবীয় উপকূলীয় বন্দরনগরী লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার জরুরি অবস্থা জারি করেছে। নিরাপত্তার আশঙ্কায় কারাকাসসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে অনেক স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
আন্তর্জাতিক সহায়তা শুরু
ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রাজিল, পর্তুগাল, কাতার ও কানাডা। উদ্ধার অভিযানে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের দুটি বিশেষ উদ্ধারকারী দল।
এ ছাড়া প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তাঁর প্রতিষ্ঠান স্টারলিঙ্ক আগামী এক মাস ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে।
এক শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্প
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ এবং দ্বিতীয়টির ৭.৫।
সরকার বলছে, এটি গত এক শতাব্দীতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। যদিও ভেনেজুয়েলা একাধিক ফল্ট লাইনের কাছে অবস্থিত, তবু দক্ষিণ আমেরিকান ও ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটিতে এত শক্তিশালী ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প সংঘটিত হয় প্রশান্ত মহাসাগরীয় ভূকম্পনপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এ। যদিও ভেনেজুয়েলা সেই বলয়ের মূল অংশে নয়, এবারের ভূমিকম্প দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।



















