এনসিপিসহ ৭ রাজনৈতিক দলকে ইসির শোকজ, ঝুঁকিতে নিবন্ধন

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সাতটি দলকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
শোকজ পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।
ইসির চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দিতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এসব দল সেই হিসাব জমা দেয়নি।
এ কারণে গত ১৬ মার্চ কমিশন প্রথম দফায় চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে হিসাব দাখিলের অনুরোধ জানায়। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে ব্যয়ের বিবরণী জমা দেওয়ার জন্য শেষবারের মতো সময়সীমা নির্ধারণ করা হয়। এরপরও কোনো হিসাব জমা না পড়ায় কমিশন শোকজ নোটিশ জারি করেছে।
আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও হিসাব দাখিল না করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনের।
নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ১০ হাজার টাকা জরিমানা করে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।




















