নকআউটে ব্রাজিলের সামনে জাপান, কবে মাঠে নামবে আর্জেন্টিনা-জার্মানি

- সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউটের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে ১৯টি দল শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। কয়েকটি দলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচের সূচি নির্ধারিত হয়েছে।
আগামী রোববার (২৮ জুন) মধ্যরাত থেকে শুরু হবে নকআউট পর্ব। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে প্রথমবারের মতো নকআউটে ওঠা দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক কানাডা।
নকআউটের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হবে ব্রাজিল বনাম জাপান। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল তারা। ২০০৬ সালের সেই ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। সব মিলিয়ে দুই দলের ১৪ দেখায় ব্রাজিল জিতেছে ১১টিতে, জাপানের জয় মাত্র একবার।
অন্যদিকে, নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ ৩২-এ খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হারলেও জার্মানি নকআউটে জায়গা নিশ্চিত করেছে। তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই শেষ ৩২ নিশ্চিত করেছে। রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে অথবা কেপ ভার্দে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে।
এদিকে, ফ্রান্স নকআউটে উঠলেও তাদের প্রতিপক্ষ ও ম্যাচের সূচি এখনও নির্ধারিত হয়নি। এছাড়া আইভরি কোস্ট, মেক্সিকো, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়াও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, হাইতি, কাতার ও চেক প্রজাতন্ত্র।





















