শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, কর্মসংস্থান এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, এ বৈঠকের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং বিভিন্ন উন্নয়ন খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এ সফরে পররাষ্ট্রমন্ত্রী, একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিতে চীনের দালিয়ানে যান তিনি। সেখানকার কর্মসূচি শেষে গত বুধবার বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।




















