আট মাস অনুপস্থিত, ডিআইজি বিপ্লব সাময়িক বরখাস্ত

- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
টানা আট মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ টেলিকম (রাজারবাগ) সংযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর এ অনুপস্থিতি ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে বিবেচিত হয়েছে।
এ কারণে বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিতির তারিখ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।



















