বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত সূচিত

- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন দুই দেশের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের ভাষ্য অনুযায়ী, এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক শুধু বাণিজ্য বা বিনিয়োগে সীমাবদ্ধ নয়; অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের কার্যকর ভূমিকা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডোর গড়ে তোলার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
মাহদী আমিন বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের আলোচনার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, শ্রদ্ধা, সহযোগিতা এবং উভয় দেশের জাতীয় স্বার্থ। সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের পক্ষ থেকে ১৬ দফার একটি যৌথ ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে বিভিন্ন বিষয়ে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের বিস্তারিত তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি কূটনৈতিক কর্মসূচি নয়; এটি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা, লাল গালিচা সংবর্ধনা এবং একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে বেইজিং সফর শেষ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের মতে, এই সফর দুই দেশের অর্থনৈতিক, কৌশলগত ও উন্নয়ন সহযোগিতায় নতুন গতি সঞ্চার করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।





















