সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা! কোন তিন দেশের নাগরিক?

- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন আফ্রিকান দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে ওই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদি আরবে প্রবেশও আপাতত স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এসব দেশের নাগরিকরা অন্য কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন বিদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়াকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থাও কঠোর করা হয়েছে।
ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।




















