জামালপুরে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জামালপুরে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের উত্তর কুটুরিয়া এলাকায় শেরপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়নাথপুর ইউনিয়নের বড়টোডা বিশনাউড়ি এলাকার ফুল মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫), শেরপুর জেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ভাটিপড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মনির হোসেন (৪৬), একই এলাকার তসর উদ্দিন সরকারের ছেলে বিল্লাল হোসেন (৫৫) ও কুরুয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাগর (৩০)।
পুলিশ জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার একটি টিম জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর কুটুরিয়া এলাকায় শেরপুর ব্রিজের দক্ষিণ পার্শে জামালপুর-শেরপুর মহাসড়কে পুলিশ চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সাদা রঙের টয়েটা প্রবোক্স প্রাইভেটকার থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে গাড়ির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে নির্মিত স্টিলের বক্স তল্লাশি করে খাকি কস্টেপে মোড়ানো ৬ টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।


















