যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র্যাব

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
যশোর শহরে অভিযান চালিয়ে শাহাদৎ হোসেন (৪১) নামে এক সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শংকরপুর চোপদারপাড়া এলাকার শাহাজাহানের ছেলে শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে তার নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে শাহাদৎ হোসেনকে আটক করে।
তল্লাশির একপর্যায়ে তার ঘরের সামনে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি ভারতীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেছেন, পিস্তলটি ভারত থেকে আনা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাবের কোম্পানি কমান্ডার আরও জানান, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেখানে গোপনে অস্ত্র তৈরি বা মেরামতের কার্যক্রম চলত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।

























