অনিন্দ্য ইসলাম অমিত
চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে মাত্র চার মাসেই ১১৭টিকে আইনে পরিণত করেছে বিএনপি সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে। বাকি অধ্যাদেশগুলোকেও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পর্যালোচনার পর সেগুলোকেও আইনে রূপ দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা অতীতে মানবাধিকার লঙ্ঘন, গুম ও হত্যার সবচেয়ে বড় শিকার হয়েছেন। ফলে এসব বিষয়ে প্রয়োজনীয় আইনি কাঠামো আরও শক্তিশালী করতে সরকার সতর্কতার সঙ্গে কাজ করছে।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘদিন যাদের সঙ্গে রাজনীতি করেছি, আজ তারা অনেকটাই বদলে গেছে। সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য, বাইরে আরেক ধরনের বক্তব্য দিচ্ছে। অথচ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কিন্তু তাদের ধৈর্য যেন শেষ হয়ে গেছে। তারা পাঁচ মাসের মধ্যেই বিএনপি সরকারকে হটানোর স্বপ্ন দেখছে। এটি কখনোই বাস্তবায়ন হবে না। দেশের মানুষ বিপুল প্রত্যাশা ও আস্থার জায়গা থেকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দায়িত্ব দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধর্মের কথা বলার আগে ইসলামের মূল্যবোধ হৃদয়ে ধারণ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক ধৈর্যও রাখতে হবে। জনগণের রায়কে সম্মান করেই সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোতে হবে।’
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপি, যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর।
সমাবেশের আগে যশোরের আট উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চৌরাস্তা এলাকা।




















