‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাখাতে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান। পরে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি সরকারের কাছে তিনটি দাবি তোলে—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ। সরকারের পক্ষ থেকে শেষ দুটি দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে শনিবার বিকেলে আরও একটি বৈঠকের কথা ছিল। তবে বৈঠকের আগেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহে তিনি ব্যথিত। তিনি লেখেন, চার দশক ধরে শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছেন এবং সবসময় একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থাকেই দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে বিশ্বাস করেছেন।
তিনি আরও বলেন, নিট পরীক্ষায় অনিয়মের ঘটনা সামনে আসার পর থেকেই তিনি নৈতিক দায় স্বীকার করেছেন এবং কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই কাজ করেছেন। দেশের ঐক্য, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চলমান অস্থিরতা বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
ধর্মেন্দ্র প্রধান তাঁর বিবৃতিতে বলেন, পুনঃআয়োজিত নিট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। তবে এ সময় কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং অভিযোগ করেন, তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
এদিকে, শিক্ষায় দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতি সংহতি জানিয়ে ২৬ দিন অনশন করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর অন্যতম দাবিও ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকারের প্রতিনিধিদের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন। অনশন ভাঙার দুই দিনের মাথায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা এলো।





















