ফের ভিডিয়ো পোস্ট মোদীর, দিলেন কোন বার্তা?

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দ্বিতীয় দিনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে প্রকাশিত নতুন ভিডিওতে তিনি যুবসমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগের দিনের ভিডিওতে দেওয়া বক্তব্যে যে ইতিবাচক সাড়া ও মতামত এসেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ।
ভিডিওতে মোদী বলেন, “ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।” ভিডিওটি আগের দিনের মতোই সেলফি ফরম্যাটে ধারণ করা।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রকাশিত ভিডিওতে প্রধানমন্ত্রী নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর শুক্রবারের বার্তায় তিনি মূলত তরুণদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রয়েছে। গত ২০ জুলাই থেকে শুরু হওয়া বিক্ষোভের প্রভাব রাজধানী দিল্লির পাশাপাশি কলকাতাতেও ছড়িয়ে পড়ে। শুক্রবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দিকে বোতল ও জুতা নিক্ষেপের অভিযোগ ওঠে, পাল্টা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলেও জানা গেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, রাজধানীতে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িত কয়েকজনকে ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর ৪৭ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।























