রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জোরদার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সরকারি বাসভবনে ভিভিআইপি পর্যায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় পরিবর্তন আনা হয়।
এসএসএফের নিরাপত্তা ও বিশেষ প্রটোকল
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে সামনে রেখে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) জাতীয় সংসদ ভবনে গাড়িবহর মোতায়েন করেছে। একই সঙ্গে স্পিকারের চলাচলের জন্য রাষ্ট্রপতির মর্যাদার ভিআইপি প্রটোকলও কার্যকর করা হয়েছে।
সংসদ ভবন এলাকায় দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে এসএসএফের একাধিক প্রটোকল গাড়ি এবং রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি সরকারি গাড়ি সেখানে পৌঁছায়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য ওই গাড়িটি প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এসএসএফের আরও কয়েকটি নিরাপত্তা যানও মোতায়েন করা হয়েছে।
আগেই ফিরলেন স্পিকার
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। এর মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন।
সংবিধান যা বলছে
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে, পদত্যাগ করলে অথবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এছাড়া সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।




















