পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু

- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের ঘোষণা দেন এবং দ্রুত টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার নলীন বাজার সংলগ্ন শাখারিয়া এলাকায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময় বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সেসব ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
তিনি জানান, সড়কটি রক্ষায় ইতোমধ্যে প্রায় ২৫ হাজার জিও ব্যাগ এবং বড় আকারের টিউব জিও ব্যাগ ফেলা হয়েছে। এতে আপাতত নদীভাঙনের তীব্রতা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে। এতে নদীর গতিপথ স্বাভাবিক থাকবে এবং ভাঙনের ঝুঁকিও কমবে।
তিনি আরও বলেন, নদীভাঙন মোকাবিলায় সরকার শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দিকে গুরুত্ব দিচ্ছে। মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম, গোপালপুর থানার ওসি রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, যমুনা নদীর তীব্র ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।






















