সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত ঘটনায় মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের ভূমিকা তদন্তের জন্য আবেদন করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। এছাড়া গুম, হত্যা এবং কথিত ‘আয়নাঘর’ ইস্যুতেও তিনি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। অভিযোগকারীদের দাবি, এসব ঘটনায় তাঁর নীরব সমর্থন ছিল।
ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং বিভিন্ন সময়ের গুম ও হত্যার ঘটনায় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন। তাই ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতির আওতায় তাঁদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন।
এদিকে, একই দিনে রাষ্ট্র সংলাপ ফোরামও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ জমা দেয়। সংগঠনটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছিলেন।
তবে অভিযোগগুলো তদন্তাধীন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য বা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।




















