দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রায় ২ কোটি ৪০ লাখ শিশু

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দেশব্যাপী আজ রোববার একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। দুর্গম এলাকার শিশুদেরও কর্মসূচির আওতায় আনতে ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল কর্মসূচির পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বয়স অনুযায়ী দুই ধরনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি বাস টার্মিনাল, ফেরিঘাটসহ জনসমাগমপূর্ণ স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এসব কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করছেন।



















