ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, স্পেনে মৃত্যু ২০০

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ফ্রান্সে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে। মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি। রাজধানী প্যারিসেও আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তীব্র গরমে ফ্রান্সে এখন পর্যন্ত ৪ শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন এলাকায় স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু ফ্রান্স নয়, ইউরোপের আরও কয়েকটি দেশেও চলছে তাপপ্রবাহ। ব্রিটেনে তাপমাত্রা উঠেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনগুলোতে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে জারি করা হয়েছে তাপপ্রবাহ সতর্কতা।
অন্যদিকে স্পেনে ভয়াবহ গরমে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালি, পর্তুগাল ও বেলজিয়ামেও অতিরিক্ত গরমে বিপাকে পড়েছেন মানুষ। জার্মানিতে তাপপ্রবাহের কারণে মারা গেছেন অন্তত ৫ জন।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে এমন চরম তাপমাত্রার ঘটনা দিন দিন বাড়ছে।


















