পেলের রেকর্ড পেছনে ফেললেন এমবাপ্পে, সামনে এখন শুধু মেসি

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে গড়ছেন একের পর এক নতুন কীর্তি। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট অবদানের রেকর্ড।
বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের সরাসরি গোল অবদান ২০টি। এর মধ্যে রয়েছে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে গোল অবদানের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
এমবাপ্পের সামনে এখন শুধু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে পাঁচ আসরে অংশ নিয়ে মেসির মোট গোল অবদান ২৭টি—১৮ গোল ও ৯ অ্যাসিস্ট।
গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তার অবদান ১৯টি (১২ গোল, ৭ অ্যাসিস্ট)। একই সংখ্যক অবদান নিয়ে তালিকায় আছেন জার্মানির গার্ড মুলার, ব্রাজিলের রোনালদো নাজারিও ও জার্মানির মিরোস্লাভ ক্লোসা।
এদিকে এবারের বিশ্বকাপেও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন এমবাপ্পে। চার গোল নিয়ে তিনি রয়েছেন মেসির ঠিক পেছনে। একই সংখ্যক গোল নিয়ে লড়াইয়ে আছেন আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে ও ভিনিসিউস জুনিয়র।
মেসি-এমবাপ্পের এই দ্বৈরথ বিশ্বকাপের শেষ পর্যন্ত ফুটবলপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।




















