সবুজ শহর থেকে ধ্বংসস্তূপ, ভূমিকম্পের পর ভেনেজুয়েলার করুণ ছবি

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে যেন বদলে গেছে ভেনেজুয়েলার চিত্র। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। উপগ্রহচিত্রে ধরা পড়েছে বিপর্যয়ের আগে ও পরের ভয়াবহ পার্থক্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান উপকূলীয় শহর লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের উত্তরাংশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। একের পর এক আফটার শকের কারণে বহু ভবন ধসে পড়েছে, বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা।
২২ জুনের উপগ্রহচিত্রে দেখা যায়, লা গুয়াইরা ছিল সাজানো-গোছানো এক শহর—উঁচু ভবন, সবুজ এলাকা ও স্বাভাবিক নগরজীবনের চিত্র। কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে ২৫ জুনের ছবিতে দেখা যায় ভয়াবহ পরিবর্তন। অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোথাও ভেঙে পড়েছে স্থাপনা, হারিয়ে গেছে স্বাভাবিক নগরচিত্র।
ভূ-বিজ্ঞানীদের মতে, ভেনেজুয়েলায় গত কয়েক শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্প এটি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে চলছে অভিযান। স্বজনদের খোঁজে বহু মানুষ ছুটছেন ধ্বংসপ্রাপ্ত ভবনের আশপাশে।
এদিকে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। উদ্ধারকাজে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। চারদিকে এখন শুধু কান্না, শোক আর হারানোর বেদনা।





















