বাড়তে পারে স্মার্টফোনের দাম, বাড়বে করের চাপ

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ১ জুলাই থেকে মোবাইল ফোন আমদানিতে দেওয়া সাময়িক শুল্ক-সুবিধার মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে এ সুবিধা বহাল না থাকলে আমদানি পর্যায়ে করভার বাড়বে, যার প্রভাব পড়তে পারে খুচরা বাজারে।
চলতি বছরের জানুয়ারিতে সরকার সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোবাইল ফোন আমদানির কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে। এর ফলে ভ্যাট, অগ্রিম আয়করসহ অন্যান্য কর মিলিয়ে মোট করভার নেমে আসে ৪৩ দশমিক ৪৩ শতাংশে।
তবে এই শুল্ক-সুবিধার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। সুবিধা বহাল না থাকলে আমদানিকৃত স্মার্টফোনে মোট করভার বেড়ে ৬৪ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)।
সংগঠনটির দাবি, করভার বাড়লে বাজারে আমদানিকৃত স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে নতুন ফোন কিনতে গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, আমদানি পর্যায়ে কর বাড়লে এর প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে। ফলে কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বিভিন্ন মডেলের স্মার্টফোনের দাম।
এমআইওবি শুল্ক-সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে। তবে এখনো এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক-সুবিধা বহাল না থাকলে করের বাড়তি চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে এবং মোবাইল ফোনের বাজারে এর নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।



















