রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলার আসামি জোবায়ের গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো. সোলেমান ও এএসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার আসামি জোবায়েরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা। তিনি মো. শাহজাহানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















