জুনের শুরুতেই ধাক্কা, বাড়ল বিদ্যুতের দাম
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে চলতি মাস থেকেই বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হবে গ্রাহকদের।
বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের নতুন পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন মাশুলও বাড়ানো হয়েছে। আগে প্রতি ইউনিট সঞ্চালনে মাশুল ছিল ৩১ দশমিক ৩৫ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ৭ দশমিক ৫১ পয়সা বাড়িয়ে ৩৮ দশমিক ৮৬ পয়সা করা হয়েছে।
অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে। অর্থাৎ ইউনিটপ্রতি ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি পেয়েছে, যা শতাংশের হিসাবে ১৬ দশমিক ৬৮ শতাংশ।
নতুন এ মূল্যহার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের সব ধরনের গ্রাহকের বিদ্যুৎ বিলে প্রভাব ফেলবে।
এর আগে গত ২০ ও ২১ এপ্রিল দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধির যুক্তি তুলে ধরে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইউনিটপ্রতি ৮৫ পয়সা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।
তবে গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের মতে, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। কিন্তু আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত নতুন মূল্যহার অনুমোদন করে বিইআরসি।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।
উল্লেখ্য, বিদ্যুতের দাম বৃদ্ধির কয়েকদিন আগেই সরকার জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ফলে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে।

























