গৌরনদীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করা হয়েছে। একই সঙ্গে চাঁদশী ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলার চাঁদশী সমাজসেবা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
বিকেল ৬টায় দক্ষিণ চাঁদশীর হানিফের দোকান এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে চাঁদশী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. সোহাগ সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচি, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহামুদ হাসান মুহিত শরীফ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ সরদার, প্রচার সম্পাদক আল আমিন হাসান ও কোষাধ্যক্ষ রাশেদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তারা চাঁদশী ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে স্থানীয় গ্রামবাসীর মধ্যে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।





















