প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেয়া কবির মারা গেছে
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। কবির হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারকে এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, কৃষক কবির হোসেন প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোক।
















