যশোরের হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
যশোরের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আলীকে (৩৮) ঢাকার কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ডিএমপি কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী যশোরের চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর একেএম ফজলে রাব্বি প্রিন্স বাংলা টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চৌগাছা থানার একটি হত্যা মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ আলী ঢাকার কাফরুল এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে র্যাব-৬ ও র্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তার মোহাম্মদ আলী চৌগাছা থানার নিয়মিত মামলা নং-৩৪ (২৩ জুন ২০২৬)-এর প্রধান আসামি।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোরের চৌগাছা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।


















