নলকূপের পানি পান করে অসুস্থ ৪০ শিক্ষার্থী, সংসদ থেকে হাসপাতালে এমপি লাভলু
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে বিষক্রিয়াজনিত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থীর খোঁজ নিতে সংসদের অধিবেশন শেষ করেই হাসপাতালে ছুটে গেছেন নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
মঙ্গলবার (২৩ জুন) মামুদনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নলকূপের পানি পান করার পর অসুস্থ হয়ে পড়লে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সংসদের কার্যক্রম শেষ করে হাসপাতালে যান এমপি লাভলু। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মনোয়ার মুকুল।
হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীরের কাছ থেকে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। একই সঙ্গে অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন সংসদ সদস্য। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ৪০ শিক্ষার্থীর মধ্যে ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছে।
রাতে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে সকালে অনেককেই ছাড়পত্র দেওয়া হতে পারে।


















