ঘাটাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার, আটক ৫
- সংবাদ প্রকাশের সময় : ১১:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মী মিন্টু খানের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাউটে নগর বিলের একটি পানিশূন্য খালে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
বুধবার (৩ জুন) রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় অবস্থিত ‘জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড’-এ কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত থেকে মিন্টু খান নিখোঁজ ছিলেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার রাতে স্থানীয়রা কাউটে নগর মাছুয়া বিলসংলগ্ন একটি প্রায় পানিশূন্য খালে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মরদেহের অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।





















