টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বহু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা কালাম তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়।
একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন জানান, নিহত কালাম তালুকদারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















