রুশ হামলায় কাঁপল ইউক্রেন
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, নিপ্রো, খারকিভ, পোলতাভা ও জাপোরিজিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইউক্রেনের দাবি, হামলায় এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া এক রাতে ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪০টি ক্ষেপণাস্ত্র ও ৬০২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, রাজধানী কিয়েভে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩ জন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। অন্যদিকে মধ্যাঞ্চলীয় শহর নিপ্রোতে নিহত হয়েছেন ছয়জন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একটি ২৪ তলা আবাসিক ভবন ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ধসে পড়েছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় আরও কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর দেশের বেশিরভাগ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। নিরাপত্তার জন্য বহু বাসিন্দা মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।
এদিকে হামলার কারণে কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।





















