লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৬
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলার ছয় থানায় গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ১০৬ জনকে আটক করেছে পুলিশ। ০৪ অক্টোবর সকাল ৬টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১০৬ জনের মধ্যে সদর থানায় ১৬, চন্দ্রগঞ্জ থানায় ২, রায়পুর থানায় ২৮, রামগঞ্জ থানায় ৩৬, রামগতি থানায় ১৮ ও কমলনগর থানায় ৬ জন রয়েছেন। জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৭২ জনকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকী ৩৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

























