যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, আটক ১
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার গভীর রাতে একটি বাড়ির গোয়ালঘরের তালা ভাঙার সময় তাকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে গণপিটুনিতে গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি দল প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিল বলে অভিযোগ করেন বাড়ির মালিক।
বিষয়টি টের পেয়ে ইদ্রিস আলী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তিনজনকে ধাওয়া দিলে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। মিজানুর রহমানকে আটক করে স্থানীয়রা। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি দেখতে পান তিনজন গোয়ালঘরের তালা ভাঙছেন। চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে একজনকে ধরে ফেলেন। তিনি জানান, এর আগেও প্রায় এক বছর আগে তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















