এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, লালন শাহের মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার দিকে একজন ডিম ছুড়ে মারেন। পরে তাকে ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি ঝিনাইদহ ও হবিগঞ্জের পর কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপির হামলার অভিযোগ করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজনকে ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা ও এর প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে থাকা জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন ঘটনার সত্যতা দাবি করে বলেন, মাজারের মতো পবিত্র স্থানে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা সেখানে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন।
এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
এ ছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করা হয়েছিল।
কুষ্টিয়ার সর্বশেষ ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে হামলার কারণ ও জড়িতদের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।






















