সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতাসহ গ্রেপ্তার ৩
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লা জেলার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২)।
এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যান এবং সেটিকে স্কট করে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। পরে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন এবং টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।
পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সখীপুর থানায় হস্তান্তর করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























