সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা ও হেনস্তার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি ও দৈনিক সমাবেশের জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও দ্য ডেইলি এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুন।
গত সোমবার ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সমাজচিত্রের নিজস্ব প্রতিবেদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক ও দৈনিক চৌকসের টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম টিটু এবং সংগঠনের সদস্য ও যুগ যুগান্তরের জেলা প্রতিনিধি তানিয়া ইসলামকে হেনস্তা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তাঁদের বাধা দেওয়া, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধা বা হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।”
এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. খোরশেদ আলম, মো. শফিকুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সজীব মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগকারী সাংবাদিক সোহেল রানা জানান, ঘটনার পর তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

























