জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশিত ও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা এবং তাদের কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব বাহিনীতে পরিণত হবে, ইনশাআল্লাহ।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি এসব বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হবে।
সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, রংপুরে একটি ঘটনা ঘটার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত প্রতিটি অপরাধের ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রত্যেকটা অপরাধ আমরা অ্যাড্রেস করতে পেরেছি, আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আদালতে সোপর্দ করতে পেরেছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিচার করতে হবে বাস্তবতার আলোকে।
“এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা মনে হয় ঠিক হবে না,” বলেন তিনি।




















