৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসক নিয়োগ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
৪৮তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে এসব চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁদের বেতনক্রম ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে বিবেচিত হবেন এবং তাঁর নিয়োগ বাতিল হবে।
শিক্ষানবিশকাল দুই বছর
নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তাঁদের বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রয়োজন মনে করলে সরকার শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে।
শিক্ষানবিশকালে কোনো চিকিৎসককে চাকরিতে বহাল রাখার অনুপযোগী মনে হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত বন্ড দিতে হবে।
এ ছাড়া শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।
দিতে হবে সম্পত্তির হিসাব, অঙ্গীকারনামা
চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের সম্পত্তির হিসাব বিবরণী এবং যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা জমা দিতে হবে।
এর আগে ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন জারি হয়েছিল গত ২২ জানুয়ারি। ওই দফায় বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়।
২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
নতুন ১৮৪ জনের নিয়োগের মধ্য দিয়ে ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে সরকারের স্বাস্থ্য ক্যাডারে আরও চিকিৎসক যুক্ত হলেন।





















