পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে বালুবোঝাই দ্রুতগতির ট্রাকের চাপায় অটোভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে নজরুল ইসলাম (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাট বসার দিন। এ উপলক্ষে নজরুল ইসলাম আব্দুল মমিনের অটোভ্যানে করে অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথে ভাদরা বাইপাস সড়ক মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























