২১ বছরের বর্ণিল অধ্যায়, মুশফিককে মনে রাখবে বাংলাদেশ-ক্রিকেট বিশ্ব

- সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
একটি ব্যাগি ক্যাপ, গায়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সি। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০০৫ সালের ২৬ মে দেশের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন এক তরুণ। নাম মুশফিকুর রহিম। অভিষেকটা খুব একটা স্মরণীয় ছিল না ব্যাট হাতে। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৯ ও ৩ রান। কিন্তু সেদিন কেউ কি জানত, এই তরুণই একদিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে হয়ে উঠবেন সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি!
সেই শুরুর পর পেরিয়ে গেছে দুই দশকেরও বেশি সময়। দীর্ঘ এই পথচলায় ব্যাট হাতে যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি উইকেটের পেছনেও রেখেছেন অসংখ্য স্মৃতি। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, রান ও শতকের রেকর্ড এখন তাঁর দখলে। সাদা পোশাকের পাশাপাশি রঙিন জার্সিতেও দেশের ক্রিকেটকে দিয়েছেন অনেক স্মরণীয় মুহূর্ত।
১৫ নম্বর জার্সির মুশফিকুর রহিম তাই কেবল একজন ক্রিকেটার নন, বাংলাদেশের ক্রিকেটের এক দীর্ঘ অধ্যায়ের নাম। এবার সেই ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পথে তিনি। সময়ের সঙ্গে বদলাবে ক্রিকেটের প্রজন্ম, কিন্তু মুশফিকের রেকর্ড আর অবদান থেকে যাবে ইতিহাসের পাতায়।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শতকের মালিক
টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬টি ম্যাচ খেলেও কোনো শতকের দেখা পাননি মুশফিক। তবে সময়ের সঙ্গে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম ভরসার ব্যাটসম্যানে। ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এখন পর্যন্ত টেস্টে ১৪টি শতক করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শতকের মালিকও তিনি। দীর্ঘ ক্যারিয়ারে চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে ব্যাটিং করার অসংখ্য নজির রেখেছেন মুশফিক।
ডাবল সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড মিস্টার ফিফটিনের
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথমবার দ্বিশতকের স্বাদ পান মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেটিই ছিল কোনো ব্যাটসম্যানের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। এরপর আরও দুবার এই কীর্তি গড়েন তিনি।
বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান একাধিক ডাবল সেঞ্চুরি করতে পারেননি। শুধু তাই নয়, উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করার বিরল বিশ্বরেকর্ডও রয়েছে মুশফিকের। ক্রিকেট ইতিহাসে আরও আটজন উইকেটকিপার টেস্টে দ্বিশতক করলেও একাধিকবার এই কৃতিত্ব দেখাতে পারেননি কেউ।
শততম টেস্টে শতক, ইতিহাসের পাতায় মুশফিক
বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টকে আরও স্মরণীয় করে রাখেন ব্যাট হাতে ১০৬ রানের ইনিংস খেলে।
শততম টেস্টে শতক করার বিরল কীর্তি গড়া ক্রিকেটারদের তালিকায়ও জায়গা করে নেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে যা এক অনন্য অর্জন।
অধিনায়কত্বেও স্মরণীয় মুশফিক
ব্যাটসম্যান ও উইকেটকিপারের পরিচয়ের বাইরে অধিনায়ক হিসেবেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিক। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বে সাতটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ড্র করেছে নয়টি। পরাজয়ের হার ছিল ৫২ দশমিক ৩৪ শতাংশ। একাধিক টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তাঁর পরাজয়ের হার সবচেয়ে কম।
তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় টাইগাররা। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বে জয় পেয়েছিল বাংলাদেশ।
১০৮ টেস্টে সাত হাজারের বেশি রান
পরিসংখ্যানেও মুশফিকের দীর্ঘ পথচলার ছাপ স্পষ্ট। ১০৮টি টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা বজায় রেখে এই অর্জন তাঁকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সাদা বলেও রেখেছেন নিজের ছাপ
টেস্টের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও মুশফিকের অবদান কম নয়। ২০০৬ সালের আগস্টে হারারেতে ওয়ানডে এবং একই বছরের নভেম্বরে খুলনায় টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।
দুই ফরম্যাটেই বহুবার দলের বিপদের সময়ে ব্যাট হাতে দায়িত্ব নিয়েছেন। গুরুত্বপূর্ণ ইনিংস, ম্যাচজয়ী পারফরম্যান্স কিংবা উইকেটের পেছনে ক্ষিপ্রতায় বারবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। যদিও রঙিন পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন তিনি, এবার টেস্ট থেকে সরে দাঁড়ানোর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অধ্যায়।
রেকর্ডের বাইরেও যে মুশফিক
গলে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি, ওয়েলিংটনে সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের ঐতিহাসিক জুটি কিংবা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয়—মুশফিকের ক্যারিয়ারে এমন অসংখ্য মুহূর্ত ছড়িয়ে আছে।
কিন্তু তাঁকে শুধু পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করা যাবে না। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শৃঙ্খলা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম আর দায়িত্ববোধের যে উদাহরণ তিনি তৈরি করেছেন, সেটিও বাংলাদেশের ক্রিকেটের বড় প্রাপ্তি।
ব্যাট হাতে হাজার হাজার রান, টেস্টে শতকের পর শতক, উইকেটকিপার হিসেবে বিশ্বরেকর্ড কিংবা শততম টেস্টে সেঞ্চুরি—সব মিলিয়ে মুশফিকুর রহিমের বিদায় শুধু একজন ক্রিকেটারের অবসান নয়, বাংলাদেশের ক্রিকেটের একটি দীর্ঘ ও স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি।
একটি ব্যাট, একজোড়া গ্লাভস আর ১৫ নম্বর জার্সি। এই পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য আনন্দ-বেদনার গল্প। মুশফিক হয়তো আর মাঠে নামবেন না, কিন্তু ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ হয়েই।






















