শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণে আরটির বিশেষ সেমিনার

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দেশের শতাধিক সাংবাদিককে নিয়ে বাংলাদেশে বিশেষ সেমিনারের আয়োজন করেছে রাশিয়ার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি)। সংবাদ উপস্থাপনায় নতুন কৌশল, দর্শক-পাঠকের সম্পৃক্ততা বাড়ানো এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এতে আলোচনা হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় প্রতিষ্ঠানটির প্রধান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা। তাঁদের উপস্থাপনার বিষয় ছিল যথাক্রমে ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ এবং ‘আরটি একাডেমির মাধ্যমে শিক্ষার সুযোগ’।
রুসলান ইমায়েভ তাঁর বক্তব্যে পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতায় সংবাদ পরিবেশন এবং দর্শক-পাঠকদের আগ্রহ ধরে রাখার কার্যকর কৌশল তুলে ধরেন। অন্যদিকে, আন্না কোভতুনোভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বিকাশে আরটি একাডেমির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা দেন। এর মধ্যে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের নানা কর্মসূচির বিষয়ও উঠে আসে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। তিনি বক্তা ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা সংবাদমাধ্যমের কাজ, কনটেন্ট নির্মাণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আরটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এ ছাড়া বাংলায় সংবাদ ও অন্যান্য কনটেন্ট তৈরি এবং প্রকাশের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আগ্রহ প্রকাশ করেন সাংবাদিকেরা। ভবিষ্যতে আরটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পেশাগত সম্পৃক্ততার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।























