ফ্যাসিস্টদের পুনরুত্থান রুখতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, আপসহীন থাকার বার্তা আইনমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান ঠেকানো এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি কিংবা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগ হোক বা অন্য কোনো গোষ্ঠী—রাষ্ট্রের স্বার্থে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরে পতিত আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, পাশাপাশি ফ্যাসিস্টদের হত্যাকাণ্ডের বিচারও এগিয়ে নেওয়া হচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে কোনো ধরনের আগুন সন্ত্রাস বরদাশত করা হবে না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, খুনিদের বিচার সম্পন্ন করা এবং রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি শুরু হয়েছে, সরকার সেই পথেই অবিচল থাকবে।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই দীর্ঘ দেড় যুগ ধরে চলেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত পরিণতি পায়। রক্তের বিনিময়ে ফিরে পাওয়া গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। কিন্তু পতিত ফ্যাসিস্টরা আবারও দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা তৈরির ষড়যন্ত্র করছে। অতীতে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের পতন নিশ্চিত করা হয়েছিল, এবারও একইভাবে তাদের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করা হবে।
এর আগে বিকেলে যশোর শহরের মনিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এতে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম ও সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
এ ছাড়া জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






















