ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরেন তারেক রহমান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরামর্শও দেন তিনি।





















