দুদকের দুই মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি, স্থানীয়দের উদ্বেগ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বের কর্মস্থল জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলার আসামি তিনি। তাঁর নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
গত ৩ নভেম্বর ১০৭৫ স্মারকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে রাণীশংকৈলে বদলি করা হয়। স্থানীয়দের আশঙ্কা, অতীতে যাঁর বিরুদ্ধে অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে, তিনি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দায়িত্ব পালন করলে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়তে পারেন।
দুদক ও আদালতসংশ্লিষ্ট নথির বরাত দিয়ে প্রকাশিত সংবাদে জানা যায়, শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। শহিদুলের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ে মামলা নম্বর ০৩/২০২৩ দায়ের করা হয়। অন্যদিকে তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২০২৪ সালের ১ অক্টোবর মামলা নম্বর ০৬/২০২৪ দায়ের করা হয়।
মামলার তদন্ত চলাকালে ২০২৪ সালের ৩ জানুয়ারি শহিদুল ইসলাম হাইকোর্টে রিট পিটিশন করেন। পরে ১৬ জানুয়ারি আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইভাবে তাঁর স্ত্রীও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। ফলে পৃথক দুটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
শহিদুলের বদলির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক সরকারদলীয় নেতা বলেন, “সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে একসময় রাণীশংকৈলবাসীকে মিছিল, মিটিং, অভিযোগ ও মামলা-হামলা নিয়ে দিন কাটাতে হয়েছে। আবারও এ উপজেলায় সে রকম একজন অফিস সহকারী এলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। যাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও দুদকের মামলা রয়েছে, তাঁকে নতুন কর্মস্থলে পদায়ন করা ঠিক হয়নি।”
তিনি আরও বলেন, সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা কর্মচারীদের অন্যতম দায়িত্ব। কোনো কর্মচারীর বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, “শহিদুলের বিষয়টি আমি শুনেছি। এ রকম কর্মচারী অফিসে থাকলে চাকরি করা কঠিন হয়ে পড়বে।” তবে বিষয়টি জেলা প্রশাসককে জানানোর পরামর্শ দেন তিনি।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক মুঠোফোনে বলেন, “শহিদুলের বিষয়ে লিখিত অভিযোগ দিতে পারেন।”





















